রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় সায়েন্স ল্যাব মোড় দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার পর বেলা ১টার দিকে পুলিশ ও দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের একটি বাসে ইটপাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের গেটের দিকে গিয়ে ক্যাম্পাসের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
ঢাকা কলেজের একজন শিক্ষার্থী বলেন, ‘ক্লাস শেষে ছুটির পর ঢাকা কলেজের বাস সায়েন্স ল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাসে ইটপাটকেল ছোড়ে। এতে বাসের জানালার কিছু কাচ ভেঙে যায়। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সেখানে গেলে ঝামেলা শুরু হয়।’
এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ‘সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকে নিউমার্কেট ও ধানমন্ডি থানায় সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছিল। আমাদের শিক্ষকদেরও পাঠানো হয়েছিল যেন শিক্ষার্থীরা সংঘর্ষ থেকে বিরত থাকে।’
সংঘর্ষের খবর পেয়ে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে জলকামানও প্রস্তুত রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আইডিয়াল কলেজের সামনেও।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বণিক বার্তাকে বলেন, ‘দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।’