মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ দুপুর ১টা ৫ মিনিটে একজন রোগীসহ মোট ৭ আরোহী নিয়ে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সটি। উড়োজাহাজটিতে ১২ হাজার ফুট উচ্চতায় পৌঁছলে এর কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় (কেবিন প্রেসারাইজেশন) ত্রুটি দেখা দেয়। এ সময় উড়োজাহাজের প্রধান দরজাটি ক্ষতিগ্রস্ত হয়ে আংশিকভাবে খুলে যায়। এমন পরিস্থিতিতে যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন পাইলট।
এতে আরো বলা হয়, জরুরি অবতরণের আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় জরুরি সাড়া প্রদানের সব প্রস্তুতি সম্পন্ন করে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলা এবং উড়োজাহাজের আরোহীদের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দরের জরুরি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান, অ্যাম্বুলেন্স, চিকিৎসক এবং সংশ্লিষ্ট সব জরুরি সেবাদানকারী সংস্থাকে প্রস্তুত রাখা হয়। পরবর্তীতে উড়োজাহাজটি ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর ভারতীয় হাইকমিশন ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় রোগীকে দ্রুত কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় রোগীকে মৃত ঘোষণা করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন বণিক বার্তাকে বলেন, আগরতলা থেকে কলকাতাগামী একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য ঢাকার সঙ্গে যোগাযোগ করে। পরে ঢাকায় জরুরি অবতরণ করলে অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে ওই যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার সময় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।’