ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে আটক

ফেনীতে জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপি-জামায়াতের ১৬ কর্মী

আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেয়া হয়

জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ফেনীতে গত রাতে আটক হন বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ কর্মী। পরে জরিমানা ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।

আটকদের মধ্যে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনজনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মী জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ ঘটনাস্থলে যান।

আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন বিএনপির ও ৯ জন জামায়াতে ইসলামীর নেতা-কর্মী। পরে বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেয়া হয়।

সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ১৩ জনকে জরিমানা করা হয়েছে। অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

আরও