আবু বক্কার সিদ্দিকি রাতুল (২৫) নামে পাবনার সুজানগর উপজেলার এক ছাত্রলীগ নেতার অস্ত্র হাতে ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ ঘটনার পর থেকে পলাতক আছেন রাতুল। পুলিশ বলছে, তাকে খোঁজা হচ্ছে।
রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
জানা গেছে, ফেসবুকে অস্ত্র-গুলিসহ কয়েকটি ছবি পোস্ট করেন রাতুল। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, তিনি কোমরের কাছে একটি রিভলবার ধরে রেখেছেন। আরেকটিতে হাতের তালুতে রিভলবার এবং অন্যটিতে তিন রাউন্ড গুলি। ভাইরাল হওয়ার পর ছবিগুলো সরিয়ে নেয়া হয়।
এ ব্যাপারে জানতে রাতুলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর। জানা গেছে, রাতুলের বাড়ি মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামে। তার বাবা সুজানগরের নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল বাবু। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে রাতুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
সুজানগর সার্কেল পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষয়টি তদন্ত করতে সদস্যরা তৎপর রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা জিডি করা হয়নি। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, ছাত্রলীগ নেতা রাতুলকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি পলাতক রয়েছেন। বিভিন্ন স্থানে তাকে খুঁজতে তল্লাশিও চালানো হয়েছে।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এ ব্যাপারে বলেন, জেলা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত এবং ছবি পোস্টকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলে অস্ত্রটি সম্পর্কে জানা যাবে।