শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শাবিপ্রবির শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

আজ শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এ বৈঠক শুরু হয়। শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত আছেন।

বৈঠকে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ কেন প্রয়োজন তা তুলে ধরবেন শিক্ষার্থীরা। এছাড়া অন্যান্য দাবি পূরণের নিশ্চয়তাও চাইবেন তারা।

দুপুর পৌনে দুইটার ক্যাম্পাস থেকে রওনা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধিদলে আছেন- মুহাইমিনুল বাশার রাজ (পদার্থবিজ্ঞান) ইয়াসির সরকার (পদার্থবিজ্ঞান), নাফিসা আনজুম (লোকপ্রশাসন), সাব্বির আহমেদ (লোক প্রশাসন), আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (পদার্থবিজ্ঞান), সুদীপ্ত ভাস্কর (পদার্থবিজ্ঞান), শাহরিয়ার আবেদিন(পদার্থবিজ্ঞান), আমেনা বেগম (সিভিল), মীর রানা(অর্থনীতি) ও জাহিদুল ইসলাম অপূর্ব (অর্থনীতি)।

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র মুহাইমিনুল বাশার রাজ গণমাধ্যমকে বলেন, উপাচার্যকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, মামলা প্রত্যাহার, আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট চালু, পুলিশি হামলায় গুরুতর আহত সজল কুন্ডুকে এককালীন আর্থিক সহযোগিতা দেয়া ও নবম গ্রেডের চাকরি নিশ্চিতকরণ নিয়ে কথা বলবো।

সাক্ষাৎ শেষে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে এসে সাধারণ শিক্ষার্থীদের সামনে তার বক্তব্য জানাবেন। এসময় শাবিপ্রবির সকল সাধারণ শিক্ষার্থীকে ক্যাম্পাসে উপস্থিত থাকার আহবান জানান রাজ। 

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনের লক্ষ্যে সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শিক্ষামন্ত্রী। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

আরও