ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

ছয় প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গতকাল জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বৈধ প্রার্থীরা হলেন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।’ এজন্য নির্বাচনে অংশ নেয়া সব দল ও প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোট কেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও