নেত্রকোনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালে ধাক্কা লেগে ফারুক আহমেদ নামে এক আরোহী নিহত হয়েছেন। আজ সকালে সদর উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভুঁইয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে নিজ বাড়ি থেকে নেত্রকোনা সদরের দিকে যাচ্ছিলেন ফারুক আহমেদ। মদনপুর বাজারের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির গতি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালে ধাক্কা লাগে। এতে ফারুক আহমেদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ফারুক আহমেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।