বাংলাদেশপন্থী রাজনীতির জন্য দেশে নতুন সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘যেকোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড় করাতে হবে। আমাদের দেশে যে সংকটগুলো চলমান আছে, গণ-অভ্যুত্থানের পরও আমরা নতুন সংবিধানের অভাবে সে সমস্যার সমাধান করতে পারছি না।’ মাগুরা শহরের ভায়না মোড়ে গতকাল বিকালে আয়োজিত এক পথসভায় নাহিদ এ কথা বলেন।
দেশের মৌলিক সংস্থার ও জুলাই সনদ নিয়ে এখনো একটি মহল টালবাহানা করছে অভিযোগ তুলে সবাইকে তাদের বিরুদ্ধে লড়াইয়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ বিনির্মাণে লড়াই শুরু হয়েছে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘এ বাংলাদেশ নতুন করে করতে হলে ফ্যাসিজমের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার করতে দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। এলাকার চাঁদাবাজি-সন্ত্রাস-দখলদারত্বের বিরুদ্ধে সরব হতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন সেই রক্তের মর্যাদা দিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন, গণতন্ত্র, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের এ লড়াই। এ লড়াই শেষ হয়নি, সে বার্তাটিই আমরা দিতে এসেছি।’
পথসভার আগে জুলাই পদযাত্রাটি শহরে ভায়না মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়, ঢাকা রোড হয়ে আবার ভায়না মোড়ে এসে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম প্রমুখ।