নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনে আসা ওই পর্যটকের নাম ক্রিল লেন্ডার উইবার।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, আজ বিকেলে বগুড়া থেকে ট্রেনে সান্তাহার যান ক্রিল। এরপর সেখান থেকে বাংলাবান্ধা ট্রেনে নাটোর স্টেশনে নামেন। পরে ভিআইপি বিশ্রামগারে অপেক্ষা করার সময় অজ্ঞাত এক যুবক টিকিট কেটে দেয়ার কথা বলে তার সঙ্গে থাকা ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ চুরি করে নিয়ে যায়। এরপর ওই যুবককে খোঁজাখুঁজি করে না পেয়ে নাটোর সদর থানায় এসে পুলিশকে বিস্তারিত জানান ক্রিল।
তিনি আরো বলেন, ক্রিলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।