বাংলাদেশে ‘লিংগুয়াস্কিল’ চালু করল কেমব্রিজ

লক্ষ্য কর্মসংস্থানে ইংরেজি দক্ষতা জোরদার

দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবং কর্মসংস্থানে ইংরেজি যোগাযোগ দক্ষতার উন্নয়ন ঘটাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা মূল্যায়ন ব্যবস্থা ‘লিংগুয়াস্কিল’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসমৃদ্ধ, অনলাইন ও অন-ডিমান্ডভিত্তিক এ ডিজিটাল প্ল্যাটফর্ম দেশের শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট ও সরকারি খাতের জন্য আন্তর্জাতিক মানদণ্ডে ইংরেজি দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি করবে।

লিংগুয়াস্কিলের উদ্বোধন উপলক্ষে আজ বুধবার শিক্ষা ও শিল্পখাতের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে ব্যবধান কমাতে ব্যবহারিক ইংরেজি যোগাযোগ দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাত যৌথ সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ রাজামানি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমরা এমন একটি পরিবর্তন দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন শিল্পখাত বাস্তব জীবনের ইংরেজি দক্ষতা মূল্যায়নকে অগ্রাধিকার দিচ্ছে। এ প্রয়োজন থেকেই কেমব্রিজ একটি আধুনিক ও বাজার-উপযোগী সমাধান তৈরি করেছে, যা বর্তমান বৈশ্বিক কর্মপরিবেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানগুলোকে ইংরেজি দক্ষতা মূল্যায়নের সুযোগ দেয়।

গোলটেবিল আলোচনায় বক্তারা উল্লেখ করেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু একাডেমিক বা কারিগরি জ্ঞানই যথেষ্ট নয়। এর পাশাপাশি ইংরেজি যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, আন্তঃব্যক্তিক যোগাযোগ, অভিযোজন ক্ষমতা এবং দলগত কাজের সক্ষমতা ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে।

প্রাথমিক স্তর থেকে ইংরেজি চর্চার সীমাবদ্ধতার কথা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, সরকারি বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শুরুতে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় উচ্চশিক্ষা ও পেশাজীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হন। এ ব্যবধান কমাতে সহজলভ্য ও কার্যকর শিক্ষণ-উপকরণ প্রয়োজন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডালসে লামাগনা শ্রেণীকক্ষের বাইরে নাটক, উপস্থাপনা ও শিল্পখাতভিত্তিক সিমুলেশনের মতো অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার ওপর জোর দেন।

আতিথেয়তা খাতে কার্যকর যোগাযোগের গুরুত্ব তুলে ধরে ম্যারিয়ট কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান মো. আল-আমিন বলেন, এ খাতে গ্রাহক সেবা ও আস্থা অর্জনে ইংরেজি যোগাযোগের বিকল্প নেই। অন্যদিকে ক্রিয়েটিভ গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া উদ্দিন মাহমুদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি শুধু মানুষের সঙ্গেই নয়, প্রযুক্তির সঙ্গেও কার্যকর যোগাযোগের একটি প্রধান মাধ্যম।

নিয়োগ প্রক্রিয়ার আধুনিক ট্রেন্ড নিয়ে সিঞ্জেন্টা বাংলাদেশের কান্ট্রি এইচআর প্রধান উপালা শফিক বলেন, বর্তমানে ইংরেজি ভাষার পাশাপাশি প্রার্থীর ডিজিটাল সক্ষমতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতাকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে সংযোগ বাড়াতে ইন্টার্নশিপ, মেন্টরশিপ ও যৌথ পাঠ্যক্রম উন্নয়নের তাগিদ দেয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেমব্রিজের কৌশলগত মূল্যায়ন অংশীদার এবং বাংলাদেশের প্রথম অনুমোদিত লিংগুয়াস্কিল সেন্টার 'ইংলিশোলজি'-র চিফ বিজনেস লিড সাবিহা আশালতা। এতে কেমব্রিজ বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (ইংলিশ) মো. বদরুদ্দোজা এবং মার্কেটিং ম্যানেজার রাজগীর দেওয়ান।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ জানায়, দেশের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক কর্মপরিবেশে সফল করতে তারা দীর্ঘমেয়াদে কাজ করে যাবে।

আরও