উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ‘ব্রেইন ড্রেইন’ বা মেধা পাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে।
গতকাল রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশে চীনা দূতাবাস আয়োজিত ‘ঢাকা চায়না ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা জাতির সাফল্যের চাবিকাঠি উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে হবে। মাধ্যমিক শিক্ষায় আমরা পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছি, কারিকুলাম পরিবর্তন করছি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি পর্যালোচনায় অনেক বেশি কঠোর হচ্ছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। একসময় মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করতে আসত। এখন বিপুলসংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় যাচ্ছে। মালয়েশিয়া কীভাবে শিক্ষা হাবে পরিণত হয়েছে, বাংলাদেশকে সেখান থেকে শিক্ষা নিতে হবে।’
তিনি বলেন, ‘মালয়েশিয়ার নেতৃত্ব একদিকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছে, অন্যদিকে তাদের দেশে ফিরিয়ে আনতে বিনিয়োগ করেছে। বাংলাদেশকেও বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে তাদের জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে।’
চীনের উন্নয়ন থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ তৈরিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।’
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ খাতের উন্নয়নেও চীনের সহযোগিতা নেয়া হচ্ছে। চীনের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের যে সংযোগ রয়েছে, বাংলাদেশেও এ ধরনের শিল্প-শিক্ষা সংযোগ গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফরাসউদ্দিন বক্তব্য দেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।