মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের বিভিন্ন নদ-নদীতে অভিযান জোরদার করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শরীয়তপুরের জাজিরায় অভিযানে সংসদ সদস্যসহ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ৪১ জেলেকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পালেরচর এলাকায় পদ্মা নদীতে অভিযানের সময় জেলেদের সঙ্গে কর্মকর্তাদের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে শতাধিক জেলে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে অভিযানে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালান। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশালের হিজলা, মেহেন্দীগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকার নদ-নদীতেও অভিযান চালায় নৌবাহিনী। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত ৩০ লাখ মিটার অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
এদিকে চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ২২ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ছয়টি মাছ ধরার নৌকা ও ইলিশ জব্দ করা হয়।