আরো ৫ প্রাণহানি

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই, নতুন করে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে।

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই। সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫-এ। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৭২ জন। চলতি বছর একদিনে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির এটিই সর্বোচ্চ সংখ্যা। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে। 

নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগের এবং একজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগের বাসিন্দা।

পরিসংখ্যানে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৭ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৩ শতাংশ। বয়সভিত্তিক হিসাবে ২১-২৫ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বয়সসীমায় রোগীর সংখ্যা ২৮৬ জন। এরপর ২৬-৩০ বছর বয়সী ২৬৯ জন এবং ১৬-২০ বছর বয়সী ২৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাঁচ বছরের কম বয়সী শিশুও ভর্তি হয়েছে ৮৯ জন। 

এর আগে গত ২১ সেপ্টেম্বরের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ছয়জনের মৃত্যু হয়। ওই সময় পর্যন্ত চলতি বছরে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ৬৩ হাজার ৬২৭ এবং মৃতের সংখ্যা ১৯০।

এরও আগে ১৬ সেপ্টেম্বর একদিনে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ১৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৯৩ জন এবং ৮ সেপ্টেম্বর ১ হাজার ৫৭১ জন। ফলে চলতি মাসে দৈনিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা একাধিকবার নতুন উচ্চতায় পৌঁছেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বেড়েছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই ২২ হাজার ৫৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যা তখন পর্যন্ত কোনো এক মাসের সর্বোচ্চ মাসভিত্তিক ভর্তি ছিল। একই সময়ে সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে মৃত্যু হয়েছিল ৭৯ জনের।

এদিকে ডেঙ্গু ব্যবস্থাপনা জোরদারে গতকাল ৪০ জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত। ডেঙ্গু রোগীর চিকিৎসায় ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ভুল কমানো ও মৃত্যুহার নিয়ন্ত্রণে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও