বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমরান ওই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে ও হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আবু সালেহ ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ধানক্ষেতে সে ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেয়া ছিল না। সকালে মায়ের সঙ্গে ধানক্ষেতে ঘাস কাটতে গিয়ে সেই ফাঁদে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইমরান।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।’
স্থানীয় পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ জানিয়েছেন, মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে নেয়া সম্পূর্ণভাবে অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।