পাঁচ মাস পরে জাতীয় নির্বাচন হবে ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই–বিভিন্ন রাজনৈতিক দলের এমন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দেব না। আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি।’
রাজনৈতিক দলগুলোর বক্তব্যের সঙ্গে একমত কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। যেহেতু আরো সময় আছে পাঁচ-ছয় মাসের মতো, আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।’
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অসুবিধা হবে না বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনে প্রশাসনে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা ছাড়াও নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবার দায়িত্ব রয়েছে। সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’
‘মব’ বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, ‘মব কিছুটা কমে আসছিল। বাট পরে আবার এ দুই-তিনদিন আগে কুমিল্লা একটা ঘটনা ঘটেছে, চিটাগং একটা ঘটনা ঘটেছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন আর না ঘটে সে ব্যাপারে আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। এটার সঙ্গে যারা জড়িত তাদের ব্যবস্থা নেয়া হচ্ছে।’
শিল্প পুলিশে গত জুলাই-আগস্টের পর যে সমস্যা হয়েছিল, সেটা এখন কাটিয়ে ওঠা গেছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ও সরঞ্জাম বাড়াতে হবে।’
দেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই:
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করে দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘গত ১০ মাসে কোনো একটি তথ্য দিতে পেরেছেন? আগে জঙ্গি ছিল আপনারা তথ্য দিয়েছেন, এখন নেই আপনারা দিতে পারেন না।’
সাংবাদিকরা বলেন, ‘মালয়েশিয়া থেকে বেশকিছু জঙ্গিকে ধরা হয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি নেই কেউ কেউ এমন বলছেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, ‘এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে মূলত তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর মালয়েশিয়ার পুলিশপ্রধান যে পাঁচজনের ব্যাপারে বলেছেন আমাদের সরকারি লেভেলে যোগাযোগ করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি।’
মালয়েশিয়ার পুলিশপ্রধানের বক্তব্য এবং আইএসের জন্য অর্থ যোগানের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নেই। সেখানকার পুলিশপ্রধান কী বলেছেন আমাদের জানা নেই। সরকারি লেভেলে আমাদের কোনো মেসেজ নেই।’