চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষী আহত

ঙানরাও ম্রো আরো বলেন, রুইফপাড়ার উত্তরে প্রায় তিন কিলোমিটার দূরে একটি প্রাকৃতিক বন রয়েছে। ভালুকটি ওই বন থেকে এসেছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

বান্দরবানের চিম্বুক পাহাড়ের একাংশ গেলেঙ্গ্যা ইউনিয়নে ভালুকের আক্রমণে এক জুমচাষী আহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের রুইফপাড়া এলাকায় নিজ জুম ক্ষেতের কলারছড়ি সংগ্রহের সময় আক্রমণের শিকার হন কাইংপ্রে ম্রো (৩৫) নামে ওই জুমচাষী।

৭ নাম্বার ওয়ার্ডের মেম্বার ঙানরাও ম্রো বণিক বার্তাকে বলেন, প্রতি সপ্তাহের শনিবার চিম্বুক পাহাড়ের পোড়া বাংলায় হাট-বাজারের দিন। হাটে নেয়ার জন্য আজ সকালে নিজের জুম বাগান থেকে কলারছড়ি সংগ্রহ করছিলেন কাংপ্রে ম্রো। বাগানটি পাড়া থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। এক পর্যায়ে একটি ভালুক এসে অতর্কিতভাবে তাকে আক্রমণ করে। এতে তার মুখ, ডান পাশের বুক ও পেটে গুরুতর জখম হয়। তার ও কিছুটা দূরে থাকা আরেক নারীর চিৎকারে ভালুকটি পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত কাইংপ্রেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন বান্দরবান সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক। তবে আহতের স্বজনরা তাকে মালুমঘাটের মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে স্থানান্তর করেছেন বলে জানান তিনি।

ঙানরাও ম্রো আরো বলেন, রুইফপাড়ার উত্তরে প্রায় তিন কিলোমিটার দূরে একটি প্রাকৃতিক বন রয়েছে। ভালুকটি ওই বন থেকে এসেছে বলে ধারণা করছে করছেন এলাকাবাসী।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী বণিক বার্তাকে বলেন, ভালুকের আক্রমণে আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও