মেডিকেল বোর্ডের বিবৃতি

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। তাই ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নিয়ে বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। তাই ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নিয়ে বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশী-বিদেশী মাল্টি ডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এ তথ্য জানিয়ে গতকাল এক বিবৃতির মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট জানায় মেডিকেল বোর্ড। বিবৃতিতে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সই করেন এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার। তার নেতৃত্বেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

বোর্ড জানিয়েছে, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার স্বাস্থ্যে বেশকিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাসাল ক্যানোলা অ্যান্ড বিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্য অর্গানকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়।

বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে আরো বলা হয়, শরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন) কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালাইসিস শুরু করা হয়। এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসির (ডিসেমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন) ফলস্বরূপ তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান (ব্লাড অ্যান্ড ব্লাড প্রডাকশন) ট্রানফিউশন দিতে হচ্ছে। সব চিকিৎসার পরও জ্বর না কমার কারণে এবং পাশাপাশি রেগুলার ইকোকার্ডিওগ্রাফিতে অরটিক ভাল্‌ভে কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় টিইই (ট্রান্স অয়েসোপিগাল ইকো) করা হয় এবং সেখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ধরা পড়ে। সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ডের দেশী-বিদেশী চিকিৎসকদের পরামর্শে এ রোগের চিকিৎসা গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভারসংক্রান্ত জটিলতা, কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা। ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

আরও