নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ড্রামট্রাককে অপর একটি বালুবাহী ড্রামট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই হেলপার নিহত হন। বুধবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে বেগমগঞ্জ মডেল থানা সংলগ্ন নাজিরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সজিব (১৮) ও কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)। এ ঘটনায় অজ্ঞাত চালক আহত হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বালুবাহী একটি ড্রামট্রাক (ঢাকা মেট্রো-চ ১৩৫২৮৯) আগে থেকেই নাজিরপুর এলাকায় সড়কে দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার দিকে লক্ষ্মীপুরের দিক থেকে ছেড়ে আসা অপর বালুবাহী ড্রামট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪১২৮৫) সেটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অপরটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় ধাক্কা দেয়া ট্রাকটির সামনে বসা দুইজন হেলপার সজিব ও সাকিব ঘটনাস্থলে নিহত হন। আহত হন তাদের ট্রাক চালক। তবে সে তাৎক্ষণিক পালিয়ে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর ৫টার দিকে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটির সামনের অংশ কেটে ভিতরে থাকা দুইজনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে এ গাড়ির চালক ও অপর গাড়ির লোকজন আহত অবস্থায় পালিয়ে গেছে। গাড়ি দুটি চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।