সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী লক্ষাধিক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে এবারই প্রথম সংসদ সদস্য পদে লড়েছেন তিনি। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম গতরাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আরিফুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তার ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ৪৫৫।
ফল প্রকাশের প্রতিক্রিয়ায় ‘আল্লাহর শুকরিয়া আদায় করে’ এ বিজয় তিন উপজেলার মানুষকে উৎসর্গ করেছেন আরিফুল হক চৌধুরী । তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম শুরু করে দেবেন।’
আওয়ামী লীগ সরকারের আমলে দুবার মেয়র পদে বিজয়ী হন আরিফুল হক চৌধুরী। এবার তিনি সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন। তবে, দলের পক্ষ থেকে তাকে সিলেট-৪ আসনে মনোনয়ন দেয়া হয়।