বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) হার্ট সার্জারি কার্যক্রম চালু করতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি হাসপাতালটিতে পূর্ণাঙ্গ হার্ট সার্জারির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, মরহুম প্রধানমন্ত্রী ২০২৬ সালে এ হাসপাতালে হার্ট সার্জারি চালুর উদ্যোগ নিয়েছিলেন। তবে সরকার পরিবর্তনের কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তার অসমাপ্ত উদ্যোগ বাস্তবায়নে বর্তমান সরকার প্রয়োজনীয় জনবল নিয়োগসহ হাসপাতালে পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালু করবে।
হাসপাতালটিতে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এ জন্য ৩৭টি ডায়ালাইসিস মেশিন কেনার দরপত্র প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। শিগগিরই ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়িয়ে ৫০টি শয্যায় উন্নীত করা হবে। এছাড়া নেফ্রোলজি বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য একটি মাল্টি-হেড মাইক্রোস্কোপ সরবরাহ করা হবে। হাসপাতালের শয্যাসংখ্যাও আরো ২০টি বাড়ানোর ঘোষণা দেন তিনি।
বগুড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে ক্যানসার ও লিভারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো লিখিতভাবে জানাতে বলা হয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেয়া হবে।
হাসপাতালের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বড় বড় হাসপাতালগুলোয় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে ১৫টি হাসপাতালে এ সেবা চালু হয়েছে। বগুড়াসহ যেসব হাসপাতালে এ ব্যবস্থা নেই, সেগুলোকেও এ পরিকল্পনার আওতায় আনা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এবং অধ্যাপক ডা. ওবায়দুল হক তরফদার প্রমুখ।