দুর্গাপূজার নিরাপত্তায় কোস্ট গার্ডের সাড়ে তিন হাজার সদস্য

কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কোস্ট গার্ড।

দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় অঞ্চলে পূজার নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে বাহিনীর আওতাধীন এলাকাগুলোয় ৩ হাজার ৫০০ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আজ মঙ্গলবার বিকেলে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকালে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কোস্ট গার্ড।

আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, বিসর্জনস্থলে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় বাহিনীর বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের পরামর্শ দেন তিনি।

মো. মঈনুল হাসান বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এর ধারাবাহিকতায় দুর্গাপূজার শুরু থেকেই পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও