বাগেরহাটের শরণখোলায় খালের পানিতে ডুবে লাবিব (৫) নামে এক শিশু মারা গেছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবিব উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে শিশু লাবিব সবার অলক্ষ্যে উত্তর কদমতলা গ্রামের বাড়ির সামনের খালে পড়ে পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসনুভা আলম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শেখ তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি পানিতে ডুবে মারা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও আশপাশের এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।