অসদাচরণ ও পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বাকি চার কর্মকর্তা হচ্ছেন সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক উপকমিশনার রাজীব দাস, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দুই কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। গতাকল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের সবাই দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া তাদের অনুপস্থিতি সরকারি চাকরিবিধি অনুযায়ী অসদাচরণ ও পলায়ন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিষয়ে গুরুতর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পুলিশ কর্মকর্তাকে সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হওয়ার পর যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর মেলেনি। ফলে তারা দায়িত্ব পালনে চরম অবহেলা ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩ (খ) ও ৩ (গ) অনুসারে যথাক্রমে অসদাচরণ ও পলায়নের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪ (৩) (ঘ) অনুযায়ী চাকরি থেকে বরখাস্তকরণ সূচক গুরুদণ্ড প্রদান করা হলো।