গাংনীতে সড়ক দুর্ঘটনায় আক্তার বানু (৩৫) ও শাহীন(৩০) নামের ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার বানু মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী এবং শাহীন গাংনী উপজেলার গাড়াডোব খাল পাড়ার কিবরিয়ার ছেলে।
আহতরা হলেন গাংনী উপজেলার গাড়াডোব খালপাড়ার মৃত ফজল মালিথার ছেলে আলতাফ হোসেন (৪৮) ও তার স্ত্রী উলফা খাতুন (৩৫), জাকিরুল ইসলামের স্ত্রী গোলাপী খাতুন (৩৫), মৃত ফজল মালিথার স্ত্রী ফজিলা খাতুন (৬৫), কিবরিয়ার ছেলে শাহীন (৩০) ও মাইক্রোবাসের চালক জামাল উদ্দীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আক্তার বানু রাত ১০টার দিকে তার মা ফজিলা খাতুনের চিকিৎসার জন্য মাইক্রোবাসে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে দশটার দিকে শুকুরকান্দি নামকস্থানে পৌঁছালে মাইক্রোবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়াগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আক্তার বানুকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।