সাইপ্রাসের
পতাকাবাহী জাহাজ ‘এমভি সোল’
৪১ হাজার টন পাথর নিয়ে
পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটি বন্দরের ইনার অ্যাংকোরেজে নোঙর করে। এর মাধ্যমে রেকর্ড
গড়ল দেশের গভীরতম এ সমুদ্র বন্দরটি।
আমদানীকৃত এ পাথর কলাপাড়ার
ধানখালীতে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) নির্মিত তাপবিদ্যুৎ কেন্দ্রের কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত হবে।
পায়রা বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি গত ১৫ এপ্রিল ৬০ হাজার টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। ১৩ মিটার গভীরতার এ জাহাজের দৈর্ঘ্য ১৯৭ মিটার ও প্রস্থ ৩৩ মিটার। পরে লাইটার জাহাজের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ। বর্তমানে জাহাজটির ড্রাফট রয়েছে ১০ দশমিক ৩০ মিটার। এর আগে ১০ দশমিক ২০ মিটার ড্রাফটের জাহাজ ৪০ হাজার টন পণ্য নিয়ে বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করেছিল।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান জানান, মাদার ভ্যাসেল ‘এমভি সোল’ পায়রা বন্দরের ইনার অ্যাংকোরেজে নোঙর করেছে। এটি ইনার অ্যাংকোরেজে প্রবেশ করা জাহাজের মধ্যে সবচেয়ে বড় জাহাজ। ফলে এ জাহাজ প্রবেশের মাধ্যমে পায়রা বন্দর আরেক নতুন ইতিহাস গড়ল। এর আগে কয়লা নিয়ে ১০ দশমিক ২০ মিটার গভীরতার জাহাজ পায়রা বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করেছিল। টার্মিনালের কাজ চলমান। তা শেষ হলে বন্দরের জেটিতে ১০ দশমিক ৫০ মিটার গভীরতার জাহাজও অনায়াসে ভিড়তে পারবে বলে জানান এ কর্মকর্তা।