সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে ৭৫ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে । একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৪১ জন।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৯৪ জন। হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭১। অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে দেশের অন্য কোনো বিভাগে এ ধরনের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।