দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রৌপ্যের দাম কমার বিষয়টি জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট ভরিপ্রতি ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৪ বার সমন্বয় হয়েছে স্বর্ণের দামে। ৩১ দফা দাম বেড়েছে ও ২৩ দফা কমেছে। গত বছর দেশের বাজারে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় দাম ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল ও কমেছিল ২৯ বার।

এবার রৌপ্যের দাম কমে ২২ ক্যারেটের এক ভরি নির্ধারণ হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট ভরিপ্রতি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা ও সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। দাম বেড়েছে ১৮ বার ও কমেছে ১৫ বার। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার।

আরও