রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই আঞ্চলিক দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশু মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে এবং মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
গতকাল সকালে সাজেকের মাচালং এলাকার চাইল্যাতলীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, এদিন সকালে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়। এ সময় সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুটির হাত থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর জেরে মাঝেমধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।