রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।
জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের সঙ্গে ওই যুবকের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়া হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হয় ওই যুবক। পথচারী ফয়েজ ও ফাহাদ তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে তাকে ওসেকে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে জানান, ক্যান্টনমেন্ট এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে গত রাতে হাসপাতালে আনা হয়। আজ সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওসেকে তার মৃত্যু হয়।
তিনি জানান, তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানিয়েছেন, চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন ওই যুবক। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেন থেকে ফেলে দেয়া হলে তিনি গুরুতর আহত হন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানাকেও অবহিত করা হয়েছে।