ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী তরুণ নিহত

বেল্লাল মাত্র নয় মাস আগে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান

ইতালির মিলানো শহরে সড়ক দুর্ঘটনায় বেল্লাল বেপারী নামের এক বাংলাদেশী তরুণ নিহত হয়েছেন। মিলানোর একটি হাসপাতালে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। আজ সকালে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

বেল্লাল মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের ইউনুস বেপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি বিকালে মিলানো শহরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভে টকার বেল্লালকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর চারদিন পর গত সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ইতালিতে থাকা পরিচিত বাংলাদেশীরা রাতেই বেল্লাল বেপারীর স্বজনদের তার মৃত্যুর খবর পৌঁছে দেন। বেল্লাল মাত্র নয় মাস আগে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান।

নিহতের চাচাতো ভাই বিএম রতন বেপারী জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ধারদেনা করে বিদেশ গিয়েছিলেন বেল্লাল। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র উপার্জনক্ষম সন্তান। বেল্লালের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছে। মরদেহ দেশে আনার বিষয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হলে পুলিশ পাশে থাকবে।

আরও