নড়াইলের কাজলা নদীতে ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নারীদের অংশগ্রহণে এ আয়োজন ঘিরে নদীর দুই পাড়ে জড়ো হন বিপুলসংখ্যক দর্শনার্থী।
আজ শনিবার বিকাল ৩টায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের বাস্তবায়নে দুদিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প-২০২৬’-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।
আয়োজকরা জানান, নড়াইলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি লোকজ সংস্কৃতি সংরক্ষণ, নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়ানো এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও উৎসবের লক্ষ্য।
এর আগে শুক্রবার সকালে শেখহাটি ইউনিয়নের এগারোখান অঞ্চলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রথম দিন পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।
আয়োজকদের মতে, নারীদের অংশগ্রহণে এ ধরনের নৌকাবাইচ নড়াইলের লোকজ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যটন বিকাশ ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে।