ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে রাতে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সরাইলের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে মাদক কেনাবেচা নিয়ে গ্রামের দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের অভিভাবকেরা বিষয়টি মীমাংসা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার সূত্রপাত কী নিয়ে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।