বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত নারী পথচারী ফিরোজা বিবি (৭৯) মারা গেছেন। গতকাল দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সকাল পৌনে ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তার সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগম ও নিরাপত্তার দায়িত্বে পুলিশের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় পৌঁছলে ফিরোজা বিবি মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা গুরুতর আহত হন। প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।
আহত ফিরোজা বিবিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনা-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
এদিকে দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া জানান, জয়পুরহাট হাসপাতালে প্রাথমিক পরিচর্যা শেষে বেলা আনুমানিক ১টার দিকে প্রতিমন্ত্রীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে হাসপাতাল ত্যাগ করে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জানান, পরীক্ষা-নিরীক্ষায় প্রতিমন্ত্রীর হাড় ভাঙার প্রমাণ মেলেনি। তবে তার ডান পায়ে ‘সফট টিস্যু ইনজুরি’ হয়েছে। এছাড়া হাত, কাঁধ ও ঘাড়ে মৃদু চোট পেয়েছেন তিনি। বাড়তি সতর্কতা ও সুচিকিৎসার স্বার্থে পরামর্শক্রমেই তাকে ঢাকার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।