দু-একজন ছাড়া দেশের ইতিহাসে সব অধিনায়ক জড়ো হয়েছিলেন এক ছাদের নিচে। প্রবীণ শফিকুল হক হীরা, রকিবুল হাসান থেকে শুরু করে বর্তমান সময়ের মেহেদী হাসান মিরাজ কিংবা মাঝে অল্প কিছু ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া জাকের আলীও ছিলেন এ মিলনমেলায়। সাবেক ও বর্তমান অধিনায়কদের হাতে ‘ক্যাপ্টেনস্ কার্ড’ তুলে দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, যিনি নিজেও ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
মূল অনুষ্ঠান শুরুর আগে চিত্রটা ছিল নজরকাড়া। হোটেলের বলরুমে এক কোনায় তামিম ইকবালকে ঘিরে আড্ডায় মাতেন মুশফিকুর রহিম, মুমিনুল হক সৌরভ, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেনরা। আরেক কোনায় স্মৃতিচারণ করছিলেন শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহরা।
অনুষ্ঠানটি আয়োজন করে বিসিবি। এ অনুষ্ঠানে অধিনায়কদের হাতে ‘ক্যাপ্টেনস্ কার্ড’ তুলে দেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আজীবন মেয়াদের এ কার্ড দিয়ে এখন বিসিবির যেকোনো ধরনের ইভেন্টেই ঢুকতে পারবেন তারা। অনুষ্ঠানে জানানো হয়, সাবেক অধিনায়কদের জন্য হেলথ ইন্স্যুরেন্সেরও ব্যবস্থা করবে বিসিবি।
এ কার্ড নিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘আমি নিশ্চিত এখানে যারা আছেন অধিনায়ক, সবার মধ্যেই একটা ইনসিকিউরিটি কাজ করত যে যদি আমি মাঠে যাই, যদি আমাকে না চেনে, যদি আমাকে থামায়, ইজ্জত-সম্মান থাকবে কিনা। এটা আমারও হয়েছে কোনো না কোনো সময়।’
এ কার্ড দিয়ে এখন থেকে জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মতোই বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসা পাবেন সাবেক অধিনায়করা। প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্যও সাহায্য করবে বিসিবি।
১৯৭৭ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক শামীম কবির মারা গেছেন। এর বাইরে এখন পর্যন্ত পুরুষ দলে তিন সংস্করণ মিলিয়ে অধিনায়কত্ব করেছেন ২৬ জন। নারী ক্রিকেটে সব মিলিয়ে অধিনায়কত্ব করেছেন ছয়জন, তাদের মধ্যে শুধু রুমানা আহমেদই গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরুষ ক্রিকেটারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য নাঈমুর রহমান, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা অনুষ্ঠানে অংশ নেননি। ছিলেন না আমিনুল ইসলাম বুলবুলও, যিনি সদ্যই তার পদ হারিয়েছেন। এছাড়া বুলবুলের বোর্ডে থাকা ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটও আসেননি ‘তামিমের অনুষ্ঠানে’। যদিও সবাইকেই এ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছেন তামিম।