দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সোমবার সকালে নিজ দেশ ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বিমানবন্দরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে বহনকারী ফ্লাইটটি সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী তাকে 'স্ট্যাটিক গার্ড অব অনার' প্রদান করা হয়।
বাংলাদেশে অবস্থানকালে ভুটানের প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন। এর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা।
এ সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়। একটি স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সম্পর্কিত।
প্রধান উপদেষ্টা ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী উপদেষ্টাবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করেছেন।