নারায়ণগঞ্জ শহরের খানপুর বৌ বাজার এলাকায় পুকুর থেকে সিফাত নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সিফাত শহরের খানপুরের দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের ছেলে ও নারায়ণগঞ্জ কমার্স কলেজের এইচএসসি শিক্ষার্থী।
নিহতের বাবা সোহেল জানান, সোমবার (২ সেপ্টেম্বর) রাতে এমব্রয়ডারি কারখানায় নাইট শিফটে কাজ করার জন্য বাসা থেকে বের হয় সিফাত। এরপর থেকে নিখোঁজ ছিল সে। অনেক খোঁজখুজির পর আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিফাতের মরদেহ শনাক্ত করেন তিনি।
সিফাতের বাবা জানান, সিফাত সাঁতার জানতো না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের
রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।