ধনু নদের বালি দিয়ে ভরাট করা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের জমি

সারা ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনে আশ্রয়ণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হেমনগরকান্দায় একটি আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান।

সারা ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনে আশ্রয়ণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হেমনগরকান্দায় একটি আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের নির্ধারিত স্থানে মাটি ভরাটের জন্য আলাদা বরাদ্দও রয়েছে। তবে স্থানটি ভরাট করা হচ্ছে ধনু নদের বালি দিয়ে। উপজেলার চাকুয়া ইউনিয়নের সমিরপুরে আগে থেকে রয়েছে একটি গুচ্ছগ্রাম। সাম্প্রতিক বন্যায় গুচ্ছগ্রামের মাটি ধসে পড়েছে। সেখানেও বালি ভরাট করা হচ্ছে। এতে নদীর গভীরতা বেড়ে দুই পাড়ে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালি বা মাটি উত্তোলন করা যাবে না। এছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকেও বালি ও মাটি উত্তোলন নিষিদ্ধ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধনু নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে খালিয়াজুরী উপজেলা প্রশাসন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অস্বীকার করলেও স্বীকার করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বালি উত্তোলনে নিয়োজিত ড্রেজার মালিকরা। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ ও মাটি ভরাটের জন্য সরকারিভাবে বরাদ্দ রয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বকর বলেন, ‘আমি সিলেটের ছাতক থেকে বালি সংগ্রহ করি। খালিয়াজুরীর একটি গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের জন্য কয়েক দিন ধরে বালি উত্তোলন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এর আগে ধনু নদ থেকে বালি উত্তোলন করিয়েছেন।’

এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাজীব আহম্মেদ বণিক বার্তাকে বলেন, ‘কিছুদিন আগে বন্যার পানিতে গুচ্ছগ্রামের মাটি সরে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সে স্থানে মাটি ভরাট করা হচ্ছে। ধনু নদ থেকে বালি উত্তোলনের বিষয়টি সত্য।’

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা বণিক বার্তাকে বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ শেষ। চলমান নদ-নদী থেকে বালি উত্তোলনের নিয়ম নেই। বালি উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। এ ধরনের কিছু হয়ে থাকলে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

আরও