জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘চলতি মাসেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। দলটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে দলের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না।’ গতকাল বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশের প্রয়োজনে আমরা তাকে দলের দায়িত্ব নিয়ে জনগণের কাতারে এসে কাজ করার আহ্বান জানিয়েছি। আমাদের দলে পদ নিয়ে কোনো বিভাজন নেই। কিছু মিডিয়া দলের পদ-পদবি নিয়ে নানা কথা লিখছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম এবং এখনো আছি।’
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নিজে পালানোর আগে পরিবারের সদস্যদের দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছেন। দলের নেতাকর্মীদের খবর নেননি। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যুবলীগ ও ছাত্রলীগকে টিস্যু হিসেবে ব্যবহার করেছেন। এখন তিনি ও তার দোসররা বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য উসকানি দিচ্ছেন। সেই উসকানিতে যারা দেশের ভেতরে বসে কিছু করার চেষ্টা করবেন তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতার হয়ে জেলে থাকতে হবে।’