প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম পিএসসি জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি আর্মি চিফ মেজর জেনারেল ক্রিস স্মিথ ডিএসসি এএম সিএসসি। গতকাল ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। বৈঠকে বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মেজর জেনারেল ক্রিস স্মিথ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরো প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান সশস্ত্র বাহিনীর মধ্যকার পেশাগত বন্ধন আগামী দিনগুলোতে আরো নিবিড়, গতিশীল ও সুদৃঢ় হবে।
এদিন মেজর জেনারেল ক্রিস স্মিথ সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি ওএসপি এসজিপি পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন। —আইএসপিআর ও বাংলাদেশ আর্মি