দেশের রেল ও মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থী, ৬৫ বছর ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা। আগামী ঈদুল আজহার আগেই এ ছাড় বাস্তবায়ন হবে।
সচিবালয়ে আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, ‘যারা শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক (৬৫ বছর বা তদূর্ধ্ব) আর যারা শিক্ষার্থী— তাদের জন্য দূরপাল্লার আন্তঃনগর ট্রেন এবং ঢাকার মেট্রোরেলের ভাড়া ২৫ শতাংশ ছাড় দেয়া হবে। যেহেতু ঈদের অল্পদিন বাকি, আমরা ঈদের আগেই চেষ্টা করছি, কিন্তু ঈদের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। আগামী কোরবানীর ঈদের আগেই ভাড়ায় ছাড়ের এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।’
মন্ত্রী এ সময় জানান, ভাড়ায় ছাড়ের সুবিধা গ্রহণের জন্য যাত্রীদের নির্দিষ্ট পরিচয়পত্র বা ডকুমেন্ট প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড, জ্যেষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেয়া ডিজিটাল কার্ড দেখাতে হবে।
টিকিট কাটার প্রক্রিয়াটি আরো সহজ করতে অনলাইন প্লাটফর্মেও বিশেষ অপশন যুক্ত করা হচ্ছে। অনলাইনে টিকিট কাটার সময় নির্দিষ্ট আইডি কার্ডের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এতে কাউন্টারে না গিয়েও নাগরিকরা ঘরে বসেই এ সুবিধা ভোগ করতে পারবেন।