মান সম্পর্কিত সব সেবা অনলাইনের মাধ্যমে গ্রাহকের কাছে পৌছে দিতে ই-সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১৯ নভেম্বর) তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে সেবা গ্রহীতাদের সেবা প্রদান সহজীকরণের জন্য এ সফটওয়্যারের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের আর্থিক এবং অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) মো. নুরুজ্জামান এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। এ সময় ছিলেন বিটিএফ প্রকল্পের ডেপুটি চিফ ফুয়াদ এম খালিদ হোসেন, অরেঞ্জ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল কবির, শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ই-সার্ভিস সিস্টেমের মাধ্যমে একজন সেবাগ্রহীতা পণ্যের মান সনদ (সিএম লাইসেন্স), ছাড়পত্র, হালাল সার্টিফিকেট, ম্যানেজমেন্ট সিস্টেমস সার্টিফিকেট, মেট্রোলজি লাইসেন্স, পণ্যের মোড়কজাত সনদ, পণ্য পরীক্ষণ প্রতিবেদন এবং সংশ্লিষ্ট বাংলাদেশ মান (বিডিএস) ক্রয় করতে পারবেন।
এ সিস্টেম ব্যবহার করে একজন সেবাগ্রহীতা অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন দাখিল, পরিদর্শন নোটিশ, টেস্ট ফি প্রদান, অ্যাপ্লিকেশন ট্যাগিং করতে পারবেন। একই সঙ্গে বিএসটিআই কর্মকর্তারা আবেদন পত্র যাচাই, পরিদর্শন প্রতিবেদন প্রদান স্যাম্পল কালেকশন নোর্টিফিকেশন, টেস্ট রিপোর্ট প্রদান, লাইসেন্সের প্রস্তাব এবং সর্বোপরি লাইসেন্স ফি গ্রহণ সাপেক্ষে লাইসেন্স প্রদান করতে পারবেন।