এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত ৩

আরো দুই জেলায় তিনজনের মৃত্যু

এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল মাদারীপুর, নরসিংদী ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল মাদারীপুর, নরসিংদী ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত—

মাদারীপুর: জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৪টার দিকে খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে থামানো ছিল। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস পালকি পরিবহনের বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই থেমে থাকা বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় উভয় পরিবহনের আরো অন্তত ১০ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নরসিংদী: জেলার পাঁচদোনার ভাটপাড়া বাজারের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টায় পাঁচদোনা-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইদুল ইসলাম (২২) ও নুর উদ্দিন।

পুলিশ জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা অটোরিকশাটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী মারা যান। মাধবদী থানার এসআই মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, মোমিনুল ইসলাম সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

আরও