রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হয়েছেন। টিএসসি সংলগ্ন মন্দিরের গেটে বাইক চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকে ধাক্কা লাগায় এই নিয়ে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মোহাম্মদ রাফি জানান, রাত আনুমানিক ১২টার দিকে শাহরিয়ার মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। পরে ওই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে অজ্ঞাত ৭/৮ জন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানার পুলিশকে অবগত করা হয়েছে।