প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য
সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
আরো বলেন, শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। বর্তমান সরকারের আমলে কেউ
না খেয়ে থাকবে না।
আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর আব্দুল
গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত
ভোক্তা সাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব্যাপী
করোনা মহামারী ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত
করে চলেছে।
তিনি আরো বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি
ও ফেব্রুয়ারি মাসে ওএমএস- খাদ্য বান্ধব কর্মসূচি চালু থাকে না। ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে
সরকার এ সময়ে এটা চালু রেখেছে।
প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য
সহায়তা অব্যাহত রাখা হবে বলে সাধন চন্দ্র মজুমদার ভোক্তাদের আশ্বস্ত করেন।