ফিফা বিশ্বকাপ ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

২৪ জুন থেকে বিশ্বকাপের খেলা চলাকালীন সময়ে এ নির্দেশনা কার্যকর থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়ছেে, ২৪ জুন থেকে বিশ্বকাপের খেলা চলাকালীন সময়ে এ নির্দেশনা কার্যকর থাকবে।

এতে আরো বলা হয়েছে, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবাসংক্রান্ত যানবাহন (অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগী পরিবহন), সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ারিং সেবা, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, অনলাইন শপিং পরিবহন এবং সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এসবের বাইরে অন্য কোনো যানবাহনের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে।

একই সঙ্গে বহিরাগত অতিথিদের ক্যাম্পাসে প্রবেশও নিরুৎসাহিত ও নিয়ন্ত্রিত করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ আগের মতোই বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, অংশীজনদের মতামত, নিরাপত্তা পরিস্থিতি এবং বাস্তব প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত সময়োপযোগীভাবে পুনর্মূল্যায়ন করা হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

আরও