মাদারীপুরের কালকিনিতে শুক্কুর আলী (৫৪) নামে এক কৃষকের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তীব্র গরমে জমিতে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত শুক্কুর আলী একই এলাকার শফি আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় শুক্কুর আলী। প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই কৃষক।পরে স্থানীয়রা শুক্কুরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের তাপমাত্রা সইতে না পেরে হিটস্ট্রোক করে মারা গেছে শুক্কুর আলী। মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।