মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে আয় ও ব্যয় সমানভাবে নির্ধারণ করা হয়েছে।
আজ দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু।
ঘোষিত বাজেটে পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বনায়ন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোন স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিল্প ও সাহিত্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু ও শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউল আহসান কাজল, সহ-সভাপতি রিপনচন্দ্র মল্লিক, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সচেতন নাগরিক কমিটির সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড ও ৩৪টি মৌজা নিয়ে গঠিত এ পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবারের বসবাস এবং মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।