ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ কিলোওয়াট বৈদ্যুতিক ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকাজের উদ্বোধন করা হয়েছে। এ উদ্বোধনের মধ্য দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ফরিদপুর জেলা পরিষদ। গতকাল দুপুরে জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে অবস্থিত এ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান বলেন, ‘বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে সোলার সিস্টেম স্থাপনে সরকার টাকা দিয়েছে। জানা মতে, ফরিদপুর প্রথম জেলা পরিষদ, যারা জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেয়া শুরু করেছে। এখান থেকে ৬০ কিলোওয়াট বিদ্যুৎ পাব। আমার জেলা পরিষদের চাহিদা ৪০ কিলোওয়াট, বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করব।’