চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। তবে অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় এইচএসসির প্রথম দিনের পরীক্ষা দিতে পারেনি এক শিক্ষার্থী। এমন ঘটনায় তার পরীক্ষা দেয়ার ব্যবস্থা করতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
জানা গেছে, অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে এক এইচএসসি পরীক্ষার্থীর রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। ফলে সে প্রথম দিনের পরীক্ষার অংশ নিতে পারেনি। কেন্দ্রের সামনেই ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে আজ শুক্রবার (২৭ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।
এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে তার বাংলা প্রথম পত্র পরীক্ষাটি নেয়ার বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, এই কঠিন সময়ে আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি। আমরা তাকে কোনোভাবেই হতাশ না হওয়ার অনুরোধ করছি।