মানুষকে ভুলিয়ে কথা বলে ভোট নেয়ার জন্য বিএনপি রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং শ্রেণি ও ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী জব ফেয়ার বা চাকরি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এটি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল নীতি, তেমনি এটি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দিকদর্শন। সেই লক্ষ্যেই এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
অঞ্চলটির ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এলাকাটি একটি অবহেলিত অঞ্চল। কারণ এটি জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, রংপুর বা দিনাজপুর কোনোটিরই একদম কাছে নয়। দিনাজপুর জেলা সদর থেকেও এর দূরত্ব ১১০ কিলোমিটার। এই অবস্থায় এলাকাটিকে জাগিয়ে তুলতে হলে তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সবচেয়ে জরুরি।
তিনি আরো বলেন, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেই এ চাকরি মেলার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে তাদের মধ্যে যে জাগরণ তৈরি হবে, সেটিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করা হবে।
জাহিদ হোসেন উল্লেখ করেন, নতুন ও আগামী প্রজন্মের জন্য কেবল দিনাজপুর ছয় আসন নয়, বরং পুরো দিনাজপুর জেলাকে সামর্থ্যবান হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।
উদ্বোধনের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদনের সুযোগ পান।
মেলা উদ্বোধনের সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।